শরীয়তপুরে মদসহ ৩ তরুণ আটক, কার জব্দ
শরীয়তপুরের সন্তোষপুর থেকে ৫৯ বোতল ‘বিদেশি’ মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এছাড় মদ বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ।
পালং থানার ওসি মো. আসলাম উদ্দিন জানান, শুক্রবার বেলা ১২টার দিকে সন্তোষপুর পুলিশ তদন্তকেন্দ্রের সামনে থেকে পুলিশ তাদের আটক করে।
তারা হলেন মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের অতুল বাড়ৈর ছেলে বাবুল বাড়ৈ (২৩), একই গ্রামের দিলিপ হাবরার ছেলে দেবাশিস হাবরা (২৩) ও প্রাইভেট কারের চালক মাদারীপুরের রাজৈর উপজেলার আম গ্রামের নিশিকান্ত বাড়ৈর ছেলে নিবাস বাড়ৈ (৩০)।
এসআই আসলাম বলেন, বেলা ১২টার দিকে পুলিশ তদন্তকেন্দ্রের সামনে যানবাহন চেক করার সময় তাদের আটক করা হয়। তারা কাঁঠালবাড়ি ঘাট থেকে মাদারীপুর সদরে যাচ্ছিলেন।
“তাদের কাছে ৫৯ বোতল বিদেশি মদ পাওয়া গেছে। এ কারণে তাদের আটক করা হয়েছে। মদ বহনের অভিযোগে জব্দ করা হয়েছে তাদের প্রাইভেট কার।“
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
