২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কিশোর খুনে মামলা

গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে এক কিশোরকে হত্যার ঘটনায় মামলা করেছেন ওই কিশোরের বাবা। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2019, 06:52 PM

Updated : 18 Aug 2022, 05:44 PM

গাজীপুর সদর থানায় মঙ্গলবার মামলাটি দায়ের করেন নিহত নুরুল ইসলামের বাবা ফকির আলমগীর।

মামলার আসামিরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের সাহাপাড়ার মো. রানা, মনির হোসেন, থানা রোডের বাদল মিয়ার ছেলে রাসেল, সাহাপাড়ার সৌরভ, মাসুম এবং মো. মোজাম্মেলের ছেলে শাহরিয়ার ওরফে রক্তিম।

মঙ্গলবার দুপুরে রাজদিঘীরপাড় এলাকায় কয়েকজন কিশোর গাজীপুর নগরীর উত্তর রাজবাড়ির বাসিন্দা ফকির আলমগীরের ছেলে নূরুল ইসলাম ওরফে নূরুকে (১৬) কুপিয়ে হত্যা করে। 

মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার আনুমানিক পৌনে ৩টার দিকে তার ছেলের পরিচিত রানা, মনির, রাসেলসহ অন্য আসামিরা রাজদিঘীরপাড় এলাকায় চাপাতি ও ধারলো অস্ত্র নিয়ে ধাওয়া করে নূরুলকে। ওই সময় নূরুল দৌড়ে পুকুরে ঝাঁপিয়ে পড়ে। তখন অস্ত্রধারীরা তাকে পানি থেকে তুলে কুপিয়ে চলে যায়।   

স্থানীয় লোকজন তাকে পানি থেকে তুলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাজীপুর সদর থানার ওসি এজাজ শফী বলনে, কিশোর খুনে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

নূরুলের বাবা ফকির আলমগীর পাখি ধরে বিভিন্ন এলাকায় বিক্রি করেন এবং নূরুল ইসলাম শহরের বিভিন্ন জায়গায় ঘুরে চা বিক্রি করত।

পুরনো খবর:

গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে কিশোর খুন