২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সৎ ভাইকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়ায় সৎ ভাইকে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2019, 03:37 PM

Updated : 18 Aug 2022, 05:42 PM

ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম বৃহস্পতিবার সাত বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত জসিম (২৬) জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে।

এছাড়া ২৫ বছর বয়সী এক নারীকে তিন বছরের সাজা দিয়েছে আদালত।

রায় ঘোষণার সময় ওই নারী আদালতে উপস্থিত থাকলেও জসিম পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দ্বীন ইসলাম মামলার নথির বরাতে জানান, শফিকুল ইসলামের স্ত্রীর সঙ্গে তার সৎভাই জসিমের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এর জেরে ২০১২ সালের ৩ অক্টোবর নিজ ঘরে খুন হন শফিকুল। পরে শফিকুলের খালাত ভাই রাজন আদালতে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ওই দুইজনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেয় আদালতে।

“সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত দুইজনকে দোষী সাব্যস্ত করে। তাদের মধ্যে জসিমকে যাবজ্জীবন আর ওই নারীকে তিন বছরের সাজা দেয়।”

রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দ্বীন ইসলাম এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।