শাবিতে ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে আগামী ২৬ অক্টোবর।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন জানান, সোমবার একাডেমিক কাউন্সিলের সভায় ২৬ অক্টোবর ভর্তি পরীক্ষার দিন ঠিক করার পাশাপাশি ৩৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি স্কুল অব অ্যাগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সের ডিন মোহাম্মদ বেলাল উদ্দিন। আর সদস্যসচিব করা হয়েছে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ আনোয়ার হোসাইনকে।
সভাপতি বেলাল বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শিগগির কমিটির সবাইকে নিয়ে কাজ শুরু করবেন তারা।
“দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ভর্তি পরীক্ষায় নানাভাবে জালিয়াতি হয়ে থাকে। আমরা চেষ্টা করব যাতে কোনো ধরনের ঝামেলা না হয়। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই।”
