২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনার ৩ জায়গায় এইডিস মশার লার্ভা

পাবনা পৌর এলাকার তিন জায়গায় ডেঙ্গুর জীবাণুবাহী এইডিস মশার লার্ভা পেয়েছে স্বাস্থ্য বিভাগ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2019, 05:12 PM

Updated : 18 Aug 2022, 05:37 PM

জেলার সিভিল সার্জন মেহেদী ইকবাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন স্থানে পরীক্ষা চালাচ্ছে একটি দল। এর নেতৃত্ব দিচ্ছেন সিভিল সার্জন দপ্তরের কীটতত্ত্ববিদ হেলাল উদ্দিন।

“গত ৬ অগাস্ট পর্যন্ত জেলার কোথাও ডেঙ্গুর জীবাণুবাহী এইডিস মশার অস্তিত্ব না মিললেও, বেশ কয়েকজন রোগী পাবনা থেকেই ডেঙ্গু আক্রান্ত হওয়ায় তৎপরতা বাড়ায় স্বাস্থ্য বিভাগ। ৭ অগাস্ট পৌর এলাকার ত্রিশটি পয়েন্টে অভিযান চালিয়ে তিনটি স্থানে এইডিস মশার লার্ভার সন্ধান মেলে।”

সেগুলো হচ্ছে শহরের বাস টার্মিনাল, বিআরটিসি বাস ডিপো ও আব্দুল হামিদ রোডের লতিফ টাওয়ার।

সিভিল সার্জন বলেন, পরিত্যক্ত টায়ারে জমে থাকা পানি ও নির্মাণাধীণ ভবনে এই লার্ভার সন্ধান পেয়েছে স্বাস্থ্য বিভাগ।

“যেহেতু তিনটি পৃথক স্থানে লার্ভা পাওয়া গেছে, সেহেতু জেলার আরও অনেক স্থানেই এইডিস মশা রয়েছে বলে ধারণা করা যায়।”

বাড়ির আশপাশে মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে জনগণকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে পাবনা সদর হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সিভিল সার্জন বলেন, এ জেলায় গত ২৪ ঘণ্টায় ১৩ জন ডেঙ্গুতে আক্রন্ত হয়ে পাব না সদর হানপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালটিতে বর্তমানে ৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে গত ১৮ দিনে এ জেলায় মোট ১৫৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে।