জয়পুরহাটে চালককে হত্যা করে ‘ভ্যান ছিনতাই’
জয়পুরহাটে এক ভ্যানচালক খুন হয়েছেন। ভ্যান ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
সদর থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে ভাদসা-হরিপুর বাঁধ এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুর রহিম নওগাঁর ধামইরহাট উপজেলার মুকিন্দিপুর গ্রামের মজিরুদ্দিনের ছেলে।
ওসি সিদ্দিকুর পরিবারের বরাতে জানান, আব্দুর রহিম প্রতিদিনের মত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে গেলেও আর ফেরেননি। আনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। রাতেই তার স্বজনরা স্থানীয় থানায় জানিয়েছিল।
“রহিমের ভ্যানটি পাওয় যায়নি। ভ্যান ছিনতাইয়ের জন্য এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।”
এ ব্যাপারে পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
