২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় শিবির ‘ধরতে গিয়ে’ ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

সাতক্ষীরা শহরে গুলিতে আহত হয়েছেন ছাত্রলীগের এক নেতা। তিনি ইসলামী ছাত্রশিবিরের ‘গোপন বৈঠক’ নস্যাৎ করতে গিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2019, 09:28 AM

Updated : 18 Aug 2022, 05:36 PM

আহত আজমির হোসেন ফারিব সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের ছেলে।

রোববার প্রথম প্রহরে জেলা শহরের শিবতলা মোড় এলাকায় তার উপর হামলা হয়। হামলায় জড়িত থাকার অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফারিবের বাবা শাহাদাৎ সাংবাদিকদের বলেন, “শিবতলায় ছাত্রশিবিরের কিছু নেতা-কর্মী নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে বলে খবর পেয়ে ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদেকসহ ৮-১০ জন নেতা-কর্মী সেখানে যায়। তখন শিবিরের নেতা-কর্মীরা তাদের উপর হামলা চালায়। হামলাকারীদের গুলিতে ফারিব গুলিবিদ্ধ হয়।”

সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “ছাত্রশিবিরের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ওই এলাকায় পুলিশ অভিযানে নেমেছে।”

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ বলেন, এ ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে এবং চারজনকে আটকও করা হয়েছে। পুলিশ আসামিদের ধরতে ব্যাপক অভিযানে নেমেছে।

ফারিবকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।