২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে নিখোঁজ হাত-পা-মুখ বাঁধা শিশু উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের দুইদিন পর হাত, পা ও মুখ বাঁধা আট বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2019, 08:35 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

মঙ্গলবার রাতে উপজেলার আন্ধারমানিক পূর্বপাড়ার একটি ভবন থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার আমিরুল ইসলাম (৮) সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার কালাঘর এলাকার লাল বাদশার ছেলে।

ওই শিশুর স্বজনদের বরাত দিয়ে কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানান, আমিরুল ইসলাশ দীর্ঘদিন ধরে কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক পূর্বপাড়া এলাকায় তার মামা খাইরুল ইসলামের বাড়িতে থাকে। গত সোমবার সকালে সে নিখোঁজ হলে এলাকাসহ আশপাশে মাইকিং করে স্বজনরা।

পরদিন মঙ্গলবার বিকালে তার মামা খাইরুল ইসলাম কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন বলে শহিদুল জানান।

তিনি বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে ওই শিশুর খোঁজ মেলে ওই এলাকার সৈয়দ আতিকুর রহমানের একটি বহুতল ভবনের একটি ভাড়াটের কক্ষে।

এরপর থেকে ওই ভাড়াটে পলাতক রয়েছের। তার পরিচয় জানা যায়নি বলে শহিদুল জানান।

পলাতক ওই ব্যক্তির পাশের ঘরের ভাড়াটিয়া স্বপন সাংবাদিকদের বলেন, বুধবার পাশের কক্ষের আরেক ভাড়াটে সাদিয়া আক্তারের মোবাইলে ফোন করে ঘরটি খুলে দিতে বলে। না দিলে ক্ষতি হবে বলে জানায় ওই ব্যক্তি।

“এরপর সাদিয়া আশপাশের লোকজন ডেকে ওই কক্ষের তালা ভেঙ্গে ভিতরে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ওই শিশুকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে তাকে উদ্ধার করে।”

স্বপন জানান, তার হাত ও পায়ে রক্তাক্ত অবস্থায় থাকায় তাকে সফিপুর তানহা  হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও সে কথা বলার মতো অবস্থায় নেই।

পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, এই শিশুকে কী কারণে ওই কক্ষে আটকে রাখা হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে এ ঘটনার পর থেকে ওই ভাড়াটে পলাতক রয়েছে। তাকে আটকের পর বিস্তারিত জানা যাবে।