২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির ক্লাশ শুরু

গাজীপুরে দেশের প্রথম বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির পাঠদান শুরু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2019, 10:55 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

সোমবার কালিয়াকৈর উপজেলায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ১০০ জন শিক্ষার্থী নিয়ে ক্লাশ শুরু হয়।

এর আগে শিক্ষার্থীদের হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ এবং অসমাপ্ত আত্মজীবনীর উপর অধ্যাপক হারুন-অর-রশিদের লেখা ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পুনর্পাঠ’ এই তিনটি বই তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর।

অধ্যাপক মুনাজ আহমেদ নূর বলেন, “বঙ্গবন্ধুর সংগ্রামী ইতিহাস ও জীবন দর্শন সম্পর্কে শুরু থেকে তরুণ শিক্ষার্থীদের উজ্জীবিত করতে আমাদের এই উদ্যোগ।”

বিশ্ববিদ্যালয়ের দুইটি বিভাগে ১০০ জন শিক্ষার্থী রয়েছেন। তাদের মধ্যে ৩০০ বই বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।

এছাড়া শিক্ষার্থীদের একটি করে গিফট বক্সও দেওয়া হয় যাতে একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর, ৩২ জিবি একটি পেনড্রাইভ, শিক্ষার্থীদের ডিজিটাল আইডি কার্ড রয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ডোমেইনে একটি করেই মেইল আইডি, একটি করে ভার্চুয়াল মেশিন এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাউড সার্ভারে  প্রতি শিক্ষার্থীর জন্য ২০০ জিবি হোস্টিং সুবিধা প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রদত্ত ডিজিটাল আইডি কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইন পেমেন্ট, যাতায়াত সুবিধা, ক্লাস উপস্থিতি, ক্যান্টিনের খরচসহ সকল আর্থিক লেনদেন অনলাইনে সম্পন্ন করতে পারবে।

২০০ জিবি হোস্টিং-এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ওয়েবসাইটসহ যাবতীয় ডিজিটাল কার্যক্রম সম্পন্ন করতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো. আশরাফউদ্দিন, সিনিয়র সিস্টেম এনালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর, আইওটি বিভাগের প্রভাষক নূরজাহান নিপা, আইসিটি ইন এডুকেশন বিভাগের প্রভাষক মুনিরা আক্তার লতা প্রমুখ।