বেনাপোলে গ্রেপ্তার শাহজাহানের টেকনাফের বাড়িতে অস্ত্র-ইয়াবা উদ্ধার
ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে গ্রেপ্তার কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়ি থেকে বিপুল ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, রোববার বিকাল ৫টার দিকে লেঙ্গুরবিল এলাকায় মোহাম্মদ শাহজাহানের বাড়িতে এ অভিযান চালানো হয়।
“এ সময় সেখান থেকে ৫০ হাজার ইয়াবা, চারটি দেশে তৈরি বন্দুক ও ২৫টি গুলি উদ্ধার হয়েছে।”
গত ২৫ জুলাই যশোরের বেনাপোল সীমান্ত পথে আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পাড়ি দেওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন মোহাম্মদ শাহজাহান।
ওইদিন ইমিগ্রেশন পুলিশ জানিয়েছিল, ভারত যাওয়ার জন্য ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেওয়ার পর তথ্য যাচাই করে দেখা যায় শাহজাহানের নামে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে এবং বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে।
পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ওসি প্রদীপ বলেন, শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।
“শাহজাহানের বিরুদ্ধে এখনও মাদক ব্যবসায় সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য যশোর থেকে শনিবার টেকনাফ আনা হয়েছে। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র থাকার তথ্য স্বীকার করেন। পরে রোববার বিকালে পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়।”
ওসি বলেন, “অভিযানের সময় তার বাড়িতে জেনারেটরের পাশে বিশেষ কৌশলে বস্তা ভরতি করে রাখা ৫০ হাজার ইয়াবা, চারটি দেশে তৈরি অস্ত্র ও ২৫টি গুলি উদ্ধার করে।”
এসব ইয়াবা ও অস্ত্র শাহজাহানের বাবা জাফর আহমদ মজুদ রেখেছেন বলে পুলিশের কাছে শাহজাহান জানিয়েছেন বলে পুলিশের ভাষ্য।
ইয়াবা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার শাহজাহানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলে জানান ওসি প্রদীপ।
