ডেঙ্গুতে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: স্বজনের আহাজারি
ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফিরোজ কবির স্বাধীনের মৃত্যুতে ঠাকুরগাঁওয়ে তার বাড়িতে চলছে আহাজারি।
শনিবার দুপুরে ঢাকা থেকে স্বাধীনের মরদেহ ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের মহেষপুর মন্সিপাড়া গ্রামের বাড়িতে আনা হয় বলে জানান ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম।
ফিরোজ কবির স্বাধীন (২৭) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। মাস্টার্স পরীক্ষা দিয়েছিলেন এবং ফলের জন্য অপেক্ষা করছিলেন বলে পরিবার জানায়।
শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ফিরোজের লাশ ঠাকুরগাঁওয়ের বাড়িতে আনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দূর-দূরান্ত থেকে লোকজন একনজর ফিরোজকে দেখার জন্য ভিড় জমায়। আত্মীয়-স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ।
পরিবার জানায়, মহেষপুর মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা কৃষক দবিরুল ইসলামের দুই ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে কৃষক ফজলু কবির, এরপর বোন গৃহবধূ মনজু আক্তার, মাহফুজা আক্তার, সবচেয়ে ছোট্ট ছেলে ফিরোজ কবির স্বাধীন।
বাবা দবিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শরীরে জ্বর নিয়ে ঈদ-উল ফিতরের সময় আমার ছোট ছেলে ফিরোজ কবির বাসায় এসেছিল; এরপর ঈদ শেষে ৭ দিন পর ঢাকা চলে যায়। এরপর সেখানে কিছুদিন থাকার পর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার শরীরে জ্বর বেড়ে যায়।
“পরে তাকে ১৮ জুলাই ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করায় তার সহপাঠীরা। ২ দিন হাসপাতালে থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে ঠাকুরগাঁও চলে আসে। এরপর এখানে আসার কয়েকদিনের মাথায় আবারও তার জ্বর বেড়ে যায়।”
তিনি বলেন, এরপর তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ফিরোজের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেও শারীরিক অবস্থার অবনতি হলে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।
“শুক্রবার রাত ১০টার দিকে আমার ছোট ছেলে ফিরোজ কবির স্বাধীন মারা যায়।”
কান্নাজড়িত কণ্ঠে দবিরুল ইসলাম বলেন, “ছোট ছেলে ফিরোজ কবির স্বাধীনকে নিয়ে ছিল আমাদের বিশাল স্বপ্ন। ছেলের স্বপ্ন ছিল সে ব্যাংকার হবে।”
মৃতের বড় ভাই ফজলু করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল; কিন্তু সবকিছু শেষ হয়ে গেল।”
স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরকম একজন মেধাবী ছাত্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার মৃত্যু হবে এটা আমরা মেনে নিতে পারছি না।”
কান্নাজড়িত কণ্ঠে একই এলাকার বাসিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জুয়েল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা মেডিকেলে রক্ত পরীক্ষা করার পর ফিরোজ ভাইয়ের শরীরে ডেঙ্গু ধরা পড়ে। দুই বছর আমাকের নিজের ভাইয়ের মতো করে দেখতেন ফিরোজ ভাই; আজ সে দুনিয়ায় নেই। এটা কেমন করে বিশ্বাস করতে চাই না।”
এদিকে, শনিবার বিকালে মহেষপুর মুন্সিপাড়া গ্রামে গিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ফিরোজ কবিরের মরদেহে শ্রদ্ধা জানান।
শনিবার আছরের নামাজ শেষে ফিরোজ কবিরের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়।
