২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ভর্তি পরীক্ষার ফি কমানোর দাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর দাবি জানিয়েছে ছাত্রদল।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2019, 08:44 PM

Updated : 18 Aug 2022, 05:34 PM

বৃহস্পতিবার বিকালে এ দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান। প্রক্টর ও ছাত্র উপদেষ্টাকে স্মারকলিপির অনুলিপি দিয়েছে সংগঠনটি।

এবার ভর্তিচ্ছুদের প্রথমে ৫৫ টাকা ফি দিয়ে প্রাথমিক আবেদন করতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটের জন্য ৩২ হাজার প্রার্থীকে বাছাই করা হবে। প্রাথমিকভাবে উত্তীর্ণদের পরীক্ষায় বসতে ১৯৮০ টাকা দিয়ে চূড়ান্ত আবেদন করে হবে।

এই আবেদন ফি সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা কথা উল্লেখ করে প্রক্টর লুৎফর রহমান বলেন, “একজন ভর্তিচ্ছু মাত্র একটি পরীক্ষা দিয়েই যেকোনো বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাবে। সার্বিক বিষয়টি চিন্তা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

“তারপরও ছাত্রদলের দাবির বিষয়টি আমরা আলোচনা করব।”

আগে পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও

আবেদন ফি ‘অসঙ্গতিপূর্ণ’ উল্লেখ করে ছাত্রদলের স্মারকলিপিতে বলা হয়েছে, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ফি প্রাথমিকভাবে ৫৫ এবং চূড়ান্ত নির্বাচিতদের ১৯৮০ টাকা, সর্বমোট ২০৩৫ টাকা গরিব ও অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে।

“এতে করে অনেক শিক্ষার্থী ভর্তি কার্যক্রমে অংশগ্রহণে নিরুৎসাহিত হবে। যার ফলে ধীরে ধীরে রাবি মেধাশূন্য হয়ে পড়বে বলে আমরা মনে করি।”

সংগঠনটির দাবি, অধিকাংশ শিক্ষার্থী কৃষক, শ্রমিক, দিনমজুর পরিবার থেকে মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে আসে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-আইন বিষয়ক সম্পাদক আহসান হাবীব, সদস্য এসএম মাহমুদুল হাসান, শামস্ দীপ্ত, এস ওয়াজেদ, এমএ তাহের, ওবাইদুল্লাহ, জাকির প্রমুখ।

বিশ্ববিদ্যালয়টিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে পরীক্ষা হবে তিনটি ইউনিটে। আর দ্বিতীয়বারের সুযোগ না রেখে পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ ও লিখিত পদ্ধতিতে।

পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে। লিখিত অংশে থাকবে ২০টি প্রশ্ন, যার প্রতিটির মান দুই করে মোট ৪০ নম্বর।

এমসিকিউ ৬০টি প্রশ্নের জন্য সময় বরাদ্দ থাকবে ৫০ মিনিট আর লিখিত প্রশ্নের জন্য সময় থাকছে ৪০ মিনিট।

‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত থাকছে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ‘বি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং ‘সি’ ইউনিটের অধীনে বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান এবং কৃষি অনুষদ থাকছে।

একজন শিক্ষার্থী কেবল একটি ইউনিটের পরীক্ষায় অংশ নিতে পারবে।

ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে মানবিক বিভাগ থেকে সর্বনিম্ন জিপিএ ৩ করে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) জিপিএ ৭.০০, বাণিজ্য বিভাগ থেকে (চতুর্থ বিষয়সহ) ৩.৫০ করে ৭.৫০ এবং বিজ্ঞান বিভাগ থেকে (চতুর্থ বিষয়সহ) ৩.৫০ করে ৮.০০ পেতে হবে।