যশোরে খামারে ‘আড্ডা দিতে নিষেধ করায়’ গুলি করে হত্যা
মাছের খামারে ‘আড্ডা দিতে নিষেধ করায়’ এক যুবককে গুলি করে হত্যা করেছে একদল যুবক।
বুধবার দুপুরে সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের একটি মাছের খামারে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ইমরোজ হোসেন (৩০) ভাতুড়িয়া গ্রামের নূর ইসলামের ছেলে।
নিহতের বাবা নূর ইসলাম বলেন, দুপুর দেড়টার দিকে এলাকার আলী, রিংকু, আশিক, স্বাধীন ও মোস্ত একটি মেয়েকে নিয়ে ইমরোজের খামারে যায়। এ সময় ইমরোজ তাদের সেখান থেকে বেরিয়ে যেতে বললে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়।
“এক পর্যায়ে আশিক পিস্তল বের করে ইমরোজকে গুলি করে পালিয়ে যায়।”
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয় বলে নূর ইসলাম বলেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিরুজ্জামান বলেন, “ইমরোজের বুকের বামপাশে গুলি লেগেছে। অপারেশন থিয়েটারে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে।”
কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সমীর কুমার সরকার বলেন, “হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহভাজন সেলিম রেজা পান্নুর ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ম্যাগজিনসহ একটি পিস্তল, চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।”
