২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বোর্ডে জিপিএতে এগিয়ে বগুড়া

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার বেড়েছে পাসের হার ও জিপিএ-৫। তবে পাসে মেয়েরা ও জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2019, 05:01 PM

Updated : 10 Oct 2022, 09:14 PM

এ বোর্ডে এবার পাস করেছে ৭৬ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৬৬ দশমিক ৫১ শতাংশ। ২০১৭ সালে এ শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭১ দশমিক ৩০ শতাংশ।

এবার জিপিএ-৫ পেয়েছেন ছয় হাজার ৭২৯ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন চার হাজার ১৩৮ জন । এর আগের বছর ২০১৭ সালে এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছিলেন পাঁচ হাজার ২৯৪ জন।

বুধবার দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আনারুল হক।

তিনি জানান, এবারও পাসের হারে এগিয়ে মেয়েরা। ছাত্রীদের পাসের হার ৮১ দশমিক ২১ শতাংশ। আর ছেলেদের ৭২ দশমিক ৩২ শতাংশ।

তবে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে ছেলেরা। এবার তিন হাজার ৫৪১ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন। আর তিন হাজার ১৮৮ জন ছাত্রীরা জিপিএ-৫ পেয়েছেন ।

Image
রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উল্লাস

রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উল্লাস

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ৭৫৮টি কলেজ থেকে পরীক্ষার্থী ছিল এক লাখ ৫১ হাজার ১৩৪ জন। এদের মধ্যে পাস করেছেন এক লাখ ১৩ হাজার ৫৫০ জন শিক্ষার্থী।

এবার শূন্য পাসের হারের কলেজের সংখ্যা বেড়েছে। সাতটি কলেজ থেকে কেউ পাস করেনি। যা গত বছর ছিল ছয়টি। এছাড়াও বেড়েছে শতভাগ পাসকৃত কলেজের সংখ্যা। এবার ৩৪টি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে, যা গত বছর ছিল ১৯টি।

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার পাসের ক্ষেত্রে শীর্ষে রয়েছে রাজশাহী জেলা এবং জিপিএ-৫ প্রাপ্তিতে বগুড়া জেলা।

পরীক্ষা নিয়ন্ত্রক আনারুল হক জানান, এবার রাজশাহী জেলায় পাসের হার ৮২ দশমিক ৭৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১২৪ জন।

চাঁপাইনবাবগঞ্জে পাসের হার ৬৮ দশমিক ৬৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২৩৫ জন, নাটোরে পাসের হার ৭৬ দশমিক ৬৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২৮৪ জন, নওগাঁয় পাসের হার ৬৯ দশমিক ০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৫২ জন।

পাবনা জেলায় পাসের হার ৭৪ দশমিক ২২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৬৪২ জন, সিরাজগঞ্জে পাসের হার ৭৪ দশমিক ৬৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৬৪৬ জন, বগুড়ায় পাসের হার ৮১ দশমিক ১৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৪৩৭ জন এবং জয়পুরহাটে পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ২০৯ জন।