ভোলায় বাস মালিক ‘খুন’, স্ত্রীর ভাই আটক
ভোলার চরফ্যাশনে একটি বাসের ছাদ থেকে ওই বাসের মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের সন্দেহ।
মঙ্গলবার লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মরগে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত বাস মালিক মো. সোহাগ ভূঁইয়া চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল বারেক ভূঁইয়ার ছেলে।
এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রীর বড় ভাই জিয়াউর রহমানকে আটক করেছে।
চরফ্যাশন থানার ওসি মো. সামছুল আরেফিন জানান, সোমবার মধ্যরাতে অন্য বাসের লোকজন খবর দিলে ‘হাজী খেয়ালী পরিবহন’-এর ছাদ থেকে সোহাগ ভূঁইয়ার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত বাস মালিকের স্ত্রীর বড় ভাইকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে বলে জানান তিনি।
