২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পাটক্ষেত থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলায় একটি পাটক্ষেত থেকে মসজিদের এক মুয়াজ্জিনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2019, 02:20 PM

Updated : 08 Apr 2022, 04:19 PM

উপজেলার বাগুটিয়া গ্রাম থেকে মঙ্গলবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান।

নিহত সোহেল রানা (২০) কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর গ্রামের বকতিয়ার  আলির ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার চাঁপালী মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

ওই মসজিদের ইমাম আবু হাসান বলেন, সোহেল সোমবার বিকালে ভাইয়ের বাসায় যাওয়ার কথা বলে ছুটি নিয়ে যান। ভোরে এসে ফজরের আজান দেওয়ার কথা ছিল তার। কিন্তু তিনি না আসায় তার ভাইকে খবর দেওয়া হয়। পরে তারা জানতে পারেন সোহেল খুন হয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার  কনক কুমার বলেন, স্থানীয়রা পাটক্ষেতে সোহেলের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

“মৃতদেহের পরনে কোনো কাপড় ছিল না। পাশে পাঞ্জাবি ও ট্রাউজার পড়ে ছিল।”

দুর্বৃত্তরা তাকে অন্য কোন স্থান থেকে ধরে এনে গলাকেটে হত্যার পর লাশ এখানে ফেলে যায় বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।

ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।