২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামসাগর উদ্যানের কাটা গাছসহ বন বিভাগের চালক আটক

দিনাজপুর রামসাগর উদ্যান থেকে কাটা গাছসহ বন বিভাগের এক গাড়ি চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2019, 12:14 PM

Updated : 10 Oct 2022, 09:11 PM

বিভাগীয় বন কর্মকর্তা (দিনাজপুর) আব্দুর রহমান জানান, শনিবার রাত ৮টার দিকে রামসাগর উদ্যানের ফটক থেকে গাছের গুঁড়িসহ তাকে আটক করা হয়।

এলাবাসীর অভিযোগ, দিনাজপুর বন বিভাগের কর্মকর্তা ও রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক আবদুস সালাম তুহিন দীর্র্ঘদিন ধরে রামসাগর উদ্যানের গাছ কেটে তা পাচার করে আসছিলেন। তবে তুহিন তা অস্বীকার করেছেন।

শনিবার রাতে বন বিভাগের একটি পিকআপে করে বেশ কিছু সেগুন ও আকাশমনি গাছের গুঁড়ি রামসাগর থেকে স্থানীয় একটি সমিলে নেওয়ার সময় স্থানীয়রা গাড়িটি আটকায়।

পরে দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে আটক কাঠ পুলিশের হেফাজতে দেন। 

বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তুহিনের বিরুদ্ধে এর আগেও তিনি এ ধরনের অভিযোগ পেয়েছেন। বিভাগীয় তদন্ত করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আটক বন বিভাগের আটক গাড়ি চালক কোরবান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,আব্দুস সালাম তুহিনের নির্দেশে তিনি ওই গাছের গুঁড়ি স্থানীয় একটি সমিলে নিয়ে যাচ্ছিলেন।

কোরবানের অভিযোগ, তাকে চাকরিচ্যুত করার ভয় দেখিয়ে তার গাড়িতে করে গাছ পাচারে বাধ্য করা হয়েছে। এর আগেও হুমকি দিয়ে তাকে দিয়ে এ কাজ করানো হয়েছে।

স্থানীয় মনা মিয়া ও ফয়সালের ভাষ্য, তুহিন অনেকদিন ধরে এই কাঠ পাচারের সঙ্গে জড়িত; এলাকাবাসীরা তাকে বাধা দিলে উল্টো তাদের গাছ চুরি মামলার ভয় দেখিয়ে আসছিলেন তুহিন। 

এ বিষয়ে জানতে চাইলে তুহিন অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।