ব্রাহ্মণবাড়িয়ায় ‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ‘ভুল চিকিৎসায়’ এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনেরা।
মৃত পারভীন বেগম (২৮) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়াইল ইউনিয়নের বড়াইল গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।
শনিবার বিকালে পৌরশহরের মুন্সেফপাড়া এলাকার খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে পরভীনের মৃত্যু হয় বলে তার স্বামী জনান।
আলমগীর সাংবাদিকদের বলেন, শুক্রবার সকাল ৭টার দিকে প্রসব বেদনা শুরু হলে পারভীনকে খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের পরিচালক ডিউক চৌধুরী তত্ত্বাবধানে পারভীনের অস্ত্রোপচার করা হয়। পারভীর ছেলে সন্তানের জন্ম দেন।
“অস্ত্রোপচারের পর মা-ছেলে দুইজনই সুস্থ্ ছিল। শনিবার বিকালে পারভীনকে খবার খাইয়ে নামাজ পড়ার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা হই।
“বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতাল থেকে ফোন করে বলা হয় পরভীনের শারীরক অবস্থা আশঙ্কাজনক বলে জনানো হয়। কিছুক্ষণ পর আবার ফোন করে জানানো হয় পারভীন মারা গেছে।পরে আমরা হাসপাতালে পৌঁছানোর আগেই পারভীনের লাশ অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেওয়া হয়।“
ভুল চিকিৎসায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ আলমগীরের।
খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা (ইএমও) অরুনেশ্বর পাল ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, “পারভীনের হৃদপিণ্ডে ব্লক ছিল। শ্বাস কষ্টের সঙ্গে বমিও হয়েছিল। চিকিৎসকরা তাকে বাঁচানোর জন্য সব ধরণের চেষ্টা করেছেন।”
সদর মডেল থানার ওসি আতিকুর রহমান বলেন,ঘটনাটি তারা শুনেছেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
