রাজবাড়ীতে ৬ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রাজবাড়ী সদরে ছয় হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যাকে মাদক ব্যবসায়ী বলছে পুলিশ।
শনিবার জেলা শহরের সজ্জনকান্দা গ্রামে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার জুয়েল মৃধা (৩৮) সজ্জনকান্দা গ্রামেন হোসেন মৃধার ছেলে।
রাজবাড়ী সদর ওসি স্বপন কুমার মজুমদার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলির নেতৃত্বে একদল পুলিশ জুয়েল মৃধার বাড়িতে বিশেষ অভিযান চালায়।
“তার নিজ ঘরের একটি কক্ষে বসে জুয়েল একটি ইয়াবা প্যাকেট খুলে অন্য প্যাকেটে ভাগ করে ভরছিল। ওই সময় তাকে হাতেনাতে আটক করা হয়।”
এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।
