বগুড়ায় গুলিতে এক ব্যক্তি নিহত
বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় নিজ বাড়িতে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আসলাম আলী জানন, মঙ্গলবার বেলা ১টার দিকে মারুফ হোসেন ওরফে পাভেল (৩৫) নামে এই ব্যক্তি গুলিতে নিহত হন।
মারুফ ওই এলাকার মকবুল হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতের এক বোন ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, পুরাতন তিনতলা বাড়ির ওপরতলায় একটি কক্ষের বিছানা, বাথরুম ও ড্রইংরুমে ছোপ ছোপ রক্ত পড়ে আছে। বাসার অন্য কক্ষগুলো অগোছালো। এক রুমে নেশাদ্রব্যের উপকরণ দেখা গেছে।
মারুফ নেশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছেন তার বোন ফরিদা ইয়াসমিন।
তিনি বলেন, তাদের বাবার তিন স্ত্রী ছিলেন। তাদের মধ্যে দুইজন মারা গেছেন। একজন বেঁচে আছেন।
“আমরা চার বোন ও তিন ভাই ছিলাম। এক ভাইয়ের স্বাভাবিক মৃত্যু হয়েছে। অন্য এক ভাই গুম হয়েছে। একপক্ষের দুই বোন ও অন্যপক্ষের মারুফ ওই বাসার ওপরতলায় থাকত। অন্য রুমগুলো মেস হিসেবে ভাড়া দেওয়া আছে।”
মারুফ সারাদিন বাসায় থাকতেন জানিয়ে তিনি বলেন, “সারাদিন বাসায় বন্ধুবান্ধব নিয়ে নেশা করত। বাসা থেকে বের হত না। এক মাস আগে মারুফ তার এক বন্ধুকে বাসায় ডেকে এনে মারধর করে টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। এ ঘটনায় থানায় অভিযোগ হলেও মিটমাট হয়ে যায়।”
ফরিদা নিজেও ওই বাড়িতে থাকেন।
তিনি বলেন, “বাসায় থাকলেও মারুফকে গুলি করে হত্যার বিষয়ে জানি না। আমার চাচি একটি শব্দ পেয়ে গিয়ে দেখেন, মারুফ করিডোরে পড়ে আছে।”
চাচি জীবন নাহার বলেন, তিনি ওই বাসার পাশের বাসায় থাকেন।
“দুপুরে বেড়াতে এসে একটি শব্দ শুনতে পাই। পরে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় মারুফ করিডোরে পড়ে আছে।”
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পরিদর্শক আসলাম বলেন, “ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বোন লাভলী ও তার স্বামী আবুবকর সিদ্দিকীকে আটক করা হয়েছে। এছাড়া নিহতের আরেক বোন ফরিদা ইয়াসমিকে জিজ্ঞাসাবাদ করা হয়।”
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনা তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।
