টাঙ্গাইলে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের সখীপুরে অজ্ঞাতপরিচয় এক নারীর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
সখীপুর থানার ওসি আমির হোসেন জানান, উপজেলার কাকড়াজান ইউনিয়নের নয়াপাড়া পশ্চিম আরামবাগ এলাকায় সামাজিক বনানয়নের গাছের সারির ভেতর থেকে বৃহস্পতিবার আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
“বুধবার রাতে কোনো এক সময় ওই নারীকে শ্বাসরোধে হত্যার পর খুনিরা বনের ভেতরে তার লাশ ফেলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
