হবিগঞ্জে ট্রাক উল্টে চালক নিহত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহযোগী।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার অলিপুর এলাকার ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক মোশারফ হোসেন (৪৮) ফেনী জেলার ছাগলনাইয়া থানার জয়পুর গ্রামের আমির আলীর ছেলে।
আহতদের শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে; তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ওসি বলেন, “সিলেটগামী একটি ট্রাকটি অলিপুর রেলক্রসিং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ট্রাকটি উল্টে এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।”
খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতের উদ্ধার করে বলে জানান তিনি।
