কুষ্টিয়ায় ২ শতাধিক মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ
কুষ্টিয়ায় দুই শতাধিক মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করে সুস্থ জীবনে ফেরার অঙ্গীকার করেছেন।
সোমবার কুষ্টিয়া স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির উপস্থিতিতে তারা অত্মসমর্পণ করেন। প্রশাসন থেকে একদিন আগে ২১৪ জন আত্মসমর্পণ করার কথা জানানো হলেও আত্মসমর্পণ করেছেন ২১৮ জন।
অনুষ্ঠানে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, দেশ থেকে মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।
“আজকে জেলার যে ২১৮ জন মাদক ব্যবসায়ী এখানে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছে। তাদের অবস্থা বুঝে পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।”
এরপর আজকের এই মাদক ব্যবসায়ীদের মধ্যে কেউ যদি আবার সেই অন্ধকার পথে পা বাড়ায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হানিফ হুঁশিয়ার করেন।
পুলিশ সুপার এসএম তানভির আরাফাতের সভাপতিত্বে কুষ্টিয়া জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে মাদক বিরোধী এই সমাবেশে আরও ছিলেন প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন প্রমুখ।
