ভোলা চরজংলা স্কুলে আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী
ভোলা সদরের চরজংলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনটি ঝূঁকিপূর্ণ হওয়ায় প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হয় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের।
যেকোনো মুহূর্তে ভবনটি ধসে পড়ে প্রাণহানি ঘটতে পারে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা।
ভয়ে ছাত্র-ছাত্রীর উপস্থিতি দিন দিন কমে যাচ্ছে। অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠানো প্রায় বন্ধ করে দিয়েছেন।
সম্প্রতি বরগুনায় ভবনের ছাদ থেকে পলেস্তারা ধসে পড়ে এক শিশু শিক্ষার্থীর মৃতু্য্যু হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ১৯২০ সালে মাদ্রাসা হিসেবে শুরু হয়ে ১৯৬৭ সালে এটি প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তরিত হয়। ১৯৭৩ সালে জাতীয়করণের আগে এলাকার নামানুসারে চর জংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করা হয়।
গুণগত মান ও সার্বিক মূল্যায়নে এ বিদ্যালয়টিকে মডেল বিদ্যালয় ঘোষণা করা হয়। ১৯৯৩ সালে প্রথমে একতলা এবং পরে পর্যায়ক্রমে ১৯৯৯ সালে ৬ কক্ষবিশিষ্টি তিন তলা ভবন হয়। তারপর বিদ্যালয়টির আর কোনো সংস্কার হয়নি।
বর্তমানে বিদ্যালয়টিতে ৫৫০ জন ছাত্রছাত্রী রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, স্কুল ভবনের ছাদ, পিলার, দেওয়াল ও সিঁড়িতেেএখানে সেখানে ফাটল ধরেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, স্কুলের জরাজীর্ণ ভবনের বিষয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে জানানোর পরও কোনো কাজ হয়নি। এখন ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা একান্ত প্রয়োজন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাব বলেন, স্কুলের নতুন ভবন নির্মাণের জন্য বারবার রাজনীতিবিদসহ সরকারি কর্মকর্তাদের বলা হয়েছে। তবুও নতুন স্কুল স্থাপন বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
তারা অবিলম্বে এই বিদ্যালয়ে নতুন ভবন স্থাপনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
