২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারে রোহিঙ্গাসহ আটক ৩২

সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারে সেন্টমার্টিন থেকে ২২ জন রোহিঙ্গাসহ ৩২ জনকে আটক করেছে কোস্টগার্ড।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2019, 04:20 PM

Updated : 18 Aug 2022, 05:03 PM

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার শেখ মাহমুদ হাসান জানান, আটককৃতদের মধ্যে তিনজন মানব পাচারকারীও রয়েছেন।

তারা হলেন সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা মোহাম্মদ কবির, মোহাম্মদ হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহ।

শনিবার ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপসহ কয়েকটি উপকূলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা হাসান বলেন, ছেঁড়াদ্বীপসহ সেন্টমার্টিনের বিভিন্ন উপকূলে মালয়েশিয়া পাচারের উদ্দেশে কিছুসংখ্যক লোকজনকে জড়ো করা হয়েছে বলে খবর পেয়ে এই অভিযান চালানো হয়।

“আটককৃতদের মধ্যে ২২ জন রোহিঙ্গা, তিন দালাল ও সাত বাঙালি রয়েছেন। পাচারকাজে ব্যবহারের একটি ট্রলারও এ সময় জব্দ করা হয়।”

অভিযানে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির সদস্যরাও অংশ নেন জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।