২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরের হিমাগারে বেআইনিভাবে শত কেজির বস্তা

দিনাজপুরের বিভিন্ন হিমাগারে আইন-মানবাধিকার লঙ্ঘন করে শ্রমিকদের দিয়ে শত কেজির বেশি ওজনের আলুর বস্তা বহন করানো হচ্ছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2019, 03:29 PM

Updated : 10 Oct 2022, 09:00 PM

প্রশাসন বলছে তাদের হাতে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণের ক্ষমতা নেই।

সরেজমিনে জেলার বিভিন্ন কোল্ড স্টোরেজে গিয়ে দেখা গেছে, উচ্চ আদালতের আদেশ অনুযায়ী বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন পোস্টার টাঙিয়েছে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে আদেশ মানা হচ্ছে না।

আদেশে বলা হয়েছে, ৫০ কেজির বেশি ওজনের বস্তা বহন করা সম্পূর্ণ বেআইনি, মানবাধিকার লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।

শ্রমিকরা বলেন, ৮৫ থেকে ১১০ কেজি ওজনের আলুর বস্তা তাদের মাথায় বহন করতে হচ্ছে। এতে তাদের পায়ে ও কোমরে ব্যথা হয়। রাতে ঘুম হয় না।

এ বিষয়ে জাহানারা কোল্ড স্টোরেজের মালিক জর্জিস আনম বলে, “যারা আদালতের আদেশ মানছে তাদের হিমাগারে আলু আসছে না।”

কেন আসছে না সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

অভিযোগ স্বীকার করেছেন দিনাজপুরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তররের উপ-মহাপরিদর্শক মোস্তাফিজুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণের ক্ষমতা আমাদের নেই। তবে জেলা প্রশাসকের কাছে দিনাজপুরের ১২টি হিমাগারের তালিকা দেওয়া হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য সহায়তা চাওয়া হয়েছে।”