২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জ থানায় নির্দোষকে মামলায় ফাঁসানোর অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় মিথ্যা মামলায় আসামি করার অভিযোগ তুলেছেন জয়পুরহাটের এক যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2019, 08:23 PM

Updated : 18 Aug 2022, 04:59 PM

শনিবার জয়পুরহাট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পাঁচবিবি উপজেলার পিয়ারা গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে রাজু শেখ।

এই অপহরণ মামলাকে হয়রানিমূলক উল্লেখ করে তিনি পুলিশের মহাপরিদর্শকের কাছে বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

লিখিত বক্তব্যে রাজু শেখ অভিযোগ করেন, গত ২৬ ফেব্রুয়ারি পাঁচবিবি থানা পুলিশের মাধ্যমে তিনি জানতে পারেন পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ থানায় একটি অপহরণ মামলায় তাকে আসামি করা হয়েছে।

“পরে গোবিন্দগঞ্জ থানা থেকে ওই মামলার নথি থেকে জানতে পারি গত ২৯ জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার পজয়পুর (প. বানিহালী) গ্রামের মৃত জুবর আলীর ছেলে ষাটোর্ধ্ব আবু বকর সিদ্দিক ১১ জনকে আসামি করে একটি অপহরণ মামলা করেছেন। আমাকে সেখানে ৭ নম্বর আসামি করা হয়।”

মামলার নথির বরাত দিয়ে রাজু শেখ বলেন, গত ২৩ জানুয়ারি রাতে বৃদ্ধ আবু বকর সিদ্দিককে অপহরণের পর মুক্তিপণ দাবি করলেও পরে তাকে পণ ছাড়াই ছেড়ে দেওয়া হয়।

এ মামলার বাদী আবু বকর সিদ্দিক কিংবা অপহরণ মামলার অন্য আসামিদের সঙ্গে কোনোভাবেই পরিচিত নন বলে রাজুর ভাষ্য।

এ ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য মামলার বাদী আবু বকর সিদ্দিকের মোবাইল ফোনে (০১৭১১-৪১২০৯২) যোগাযোগ করা হলে তার ছেলে মুসা মিয়া ধরেন।

তিনি বলেন, তার বাবার করার অপহরণ মামলার অন্য আসামিরা তাদের পূর্ব পরিচিত হলেও রাজু শেখকে তারা চেনেন না। আসামি হিসেবে কীভাবে রাজু শেখের নাম অন্তর্ভুক্ত হলো এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান মুসা মিয়া।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, “মামলা গ্রহণের পর বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে রাজু শেখকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।”

সংবাদ সম্মেলনে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার রংপুর বিভাগীয় প্রতিনিধি রবীন সেন, দৈনিক ও অনলাইন পত্রিকা ঢাকা টাইমস্ এর গাইবান্ধা প্রতিনিধি জাভেদ হোসেন, রাজু শেখের ছোট ভাই বাবু শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।