গাজীপুরে আগুনে পুড়ল ইলেকট্রনিক্স দোকান
গাজীপুরে আগুন লেগে একটি ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান পুড়ে গেছে।
শহরের মসজিদ রোড এলাকায় ‘মেসার্স রাজু এন্টারপ্রাইজে’ মঙ্গলবার ভোর ৬ টায় লাগা এ আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাকির হোসেন বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে দ্রুতই তা পুরো দোকানে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
“সকাল ৭টার দিকে আগুনে নিয়ন্ত্রণে আসে।কিন্তু ততক্ষণে দোকান ও ভেতরে থাকা টিভি, ফ্রিজ, ফ্যান, ওভেন, গ্যাসের চুলাসহ বিভিন্ন মামলামাল পুড়ে যায়।”
দোকান মালিক আশরাফুল হকের দাবি, আগুনে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
