সৌদি কর্মকর্তা খালাফ হত্যায় সাইফুলের ফাঁসি কার্যকর
সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যার দায়ে সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
রোববার রাত ১০টা ১ মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয় বলে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার মো. শাহজাহান জানিয়েছেন।
সাইফুল ইসলাম মামুন বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা এলাকার মৃত আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে।
২০১৩ সালের ৪ জানুয়ারি থেকে সাইফুল কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মো. শরীফুর রহমান জানান, ফাঁসি কার্যকরের সময় তিনিসহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান, জেলা সিভিল সার্জন সৈয়দ মো. মঞ্জুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
২০১২ সালের ৫ মার্চ মধ্যরাতে গুলশানে নিজের বাসার কাছে গুলিবিদ্ধ হন সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী (৪৫)। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের দুই দিন পর পুলিশ গুলশান থানায় একটি মামলা দায়ের করে। আর সাড়ে চার মাস পর সাইফুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করা হয়, যাদের পরিচয় দেওয়া হয় ‘ছিনতাইকারী’ হিসেবে।
তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ ২০১২ সালের ২০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয়। সেখানে গ্রেপ্তার চারজনের সঙ্গে সেলিম চৌধুরী নামে পলাতক আরেকজনকে আসামি করা হয়।
খালাফ আল আলী হত্যা মামলায় ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন ২০১২ সালের ৩০ ডিসেম্বর এ মামলার রায়ে পাঁচ আসামির সবাইকেই মৃত্যুদণ্ড দেন।
কিন্তু আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ ২০১৩ সালের ১৮ নভেম্বর যে রায় দেয়, তাতে কেবল সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি দেওয়া হয়।
বাকি চার আসামির মধ্যে বিচারিক আদালতে ফাঁসির আদেশ পাওয়া আল আমীন, আকবর আলী ও রফিকুল ইসলামের দণ্ড কমিয়ে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। পলাতক সেলিম চৌধুরী খালাস পান।
