ঝালকাঠিতে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
ঝালকাঠিতে উচ্চশব্দে গান বাজাতে নিষেধ করায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত আব্দুল জলিল হাওলাদার (৬০) জেলার নলছিটি উপজেলার মেরহার গ্রামের বাসিন্দা।
জলিলের ছেলে জিহাদ হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে গ্রামে ইউনিয়ন পরিষদ সদস্য মাসুম মিয়ার ছেলে মোমিন খান বাপ্পি তার লোকজন নিয়ে নিজের বাড়িতে পিকনিকের আয়োজন করেন।
“ওই বাড়িতে চার-পাঁচ দিন ধরে উচ্চশব্দে গান বাজানো হচ্ছিল। এমনকি মসজিদে সাউন্ডবক্স রেখেও গান বাজানো হয়। রাতে জলিল হাওলাদার গান বন্ধ করতে বলে বাড়ি ফিরে আসেন। এরপর কয়েকজন এসে বাবা ও মাকে কিলঘুষি মেরে আহত করে। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।”
জলিলকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে তার অভিযোগ। তিনি হত্যা মামলা করবেন বলে জানান।
শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নলছিটি থানার ওসি সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
