২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদপন্থিদের মসজিদে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ

বিশ্ব ইজতেমা শেষে চিল্লাবন্দি সাদপন্থিদের মসজিদে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে জোবায়ের অনুসারীদের বিরুদ্ধে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2019, 09:36 PM

Updated : 08 Apr 2022, 03:52 PM

এ ঘটনায় সাদপন্থিরা থানায় জোবায়েরপন্থিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

সাদপন্থি তাবলীগ জামাতের দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলা থেকে শ্রীপুরে যাওয়া জামাতের আমির রবিউল ইসলাম বলেন, বরাবরের নিয়ম অনুযায়ী মসজিদে থেকে পরিচালিত হয়ে আসছে তাবলীগ জামাতের দাওয়াতের কাজ। কিন্তু সাম্প্রতিক সময়ে তাবলীগের মধ্যে দুটি পন্থি তৈরি হওয়ায় তাবলীগের কাজে শুরু হয়েছে নানা ধরনের জটিলতা, বিরোধিতা।

তিনি বলেন, দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলা থেকে আসা একটি দল (এক চিল্লার) জামাত নিয়ে শ্রীপুরে যায় গত বৃহস্পতিবার। শনিবার বিকালে তারা এসে অবস্থান নেন সাইটালিয়া পশ্চিম পাড়া কাছম আলী জামে মসজিদে।

“মসজিদে সাদপন্থি লোকজন এসেছে সংবাদে জোবায়েরপন্থি স্থানীয় আব্দুস সামাদের ছেলে নাসির উদ্দিনের নেতৃত্বে মসজিদে থাকতে বাধা দেয় এবং মসজিদ থেকে বের করে দেয়। পরে তারা স্থানীয় আবুল কালামের বাড়ির আঙিনায় গিয়ে শনিবার রাত থেকে খোলা জায়গায় অবস্থান নেন।”

মসজিদ কমিটির সভাপতি গোলাম রসুল টিটু বলেন, এ বিষয়টি এখন তার এখতিয়ারের বাইরে। এ ব্যাপারে মসজিদের ক্যাশিয়ার নাসির উদ্দিন সিদ্ধান্ত নেবেন।

নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, “কোনো অবস্থাতেই সাদপন্থি লোকজনকে মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না, যত ঝামেলাই হোক।”

তাবলীগ জামাতের আমির রবিউল ইসলামের ভাষ্য, “আমরা আল্লাহর রাস্তায় মেহনত করতে এসেছি, শনিবার থেকে আমরা মসজিদে জায়গা না পেয়ে খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে আছি। তবে আল্লাহর রাস্তায় আমাদের চেয়েও কঠিন অবস্থায় ছিলেন আমাদের রাসুল (স.)। মহান আল্লাহর কাছ থেকে সিদ্ধান্ত প্রার্থনা করে আজ আমরা সবাই রোজা রেখেছি।”

এ বিষয়ে শ্রীপুর থানার এসআই আব্দুল মালেক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মসজিদে প্রবেশে বাধা প্রদানকারী কাউকে পাওয়া যায়নি। পরে শৃঙ্খলা রক্ষায় তাবলীগের লোকজনকে পাশের অন্য একটি মসজিদে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, গাজীপুর মহানগরের ইটাহাটা এলাকার বাসিন্দা সাদপন্থি মো. সালমান সাংবাদিকদের বলেন, দুইদিন আগে স্থানীয় হাটাহাটা এলাকায় একটি বাজারে গেলে ইটাহাটা জান্নাতুল বাকি জামে মসজিদের ইমাম মো. হোসেন তাকে কাফের, নাসেরা বলে গালাগাল করেন এবং তাকে লাঞ্ছিত করেন।

“পরে আবার ওই রাতে জোবায়ের অনুসারীরা লাঠি-সোটা নিয়ে সালমানের বাড়িতে যান। পরে হামলার ভয়ে সালমান পেছনের দরজা দিয়ে পালিয়ে রক্ষা পান। পরদিন বাসন থানায় এ ব্যাপারে একটি অভিযোগ করেন।”

এ ব্যাপারে ইমাম মো. হোসেনকে ফোনে জানতে চাইলে তিনি পরে বলবেন বলে মোবাইল রেখে দেন।

বাসন থানার ওসি মুক্তার হোসেন অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ওই ব্যাপারে রোববার বাদ মাগরিব উভয়পক্ষকে নিয়ে স্থানীয় আওয়ামী লীগের স্থানীয় এক নেতার অফিসে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়।