২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বোমা হামলায় বিএনপি নেতা নিহত

বাগেরহাটের রামপাল উপজেলায় বোমা হামলায় স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2019, 09:39 PM

Updated : 10 Oct 2022, 08:55 PM

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভরসাপুর বাজারে কয়েকজন যুবক তার উপর বোমা হামলা চালায় বলে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান।

নিহত খাজা মঈনুদ্দিন আখতার (৫২) রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উজলকুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার বাড়ি রামপালের বামুনডহর গ্রামে।

পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে কারা কী কারণে তার উপর বোমা হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাজা মঈনুদ্দিন আখতার ভরসাপুর বাজারের ভেতরের রাস্তায় দাঁড়িয়ে নজু শেখ নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন।

“এ সময় একদল অজ্ঞাত সন্ত্রাসী পিছন থেকে তার উপর বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং চারদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।”

এসপি জানান, স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

Image
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে

তিনি বলেন, ঘটনার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তবে কারা কী কারণে তার উপর বোমা হামলা চালিয়েছে তা অনুসন্ধান করতে পুলিশ কাজ শুরু করেছে। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিপন রায় বলেন, “বোমা হামলায় আহত খাজা মঈনুদ্দিন আখতারকে মৃত অবস্থায় এখানে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে আসার পথেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।”

রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন বলেন, “খাজা মঈনুদ্দিন আখতার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার উপর যারা বোমা হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করতে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।”