গাজীপুরে ট্রেনের ধাক্কায় প্রকৌশলী নিহত
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে ট্রেনের ধাক্কায় এক প্রকৌশলী নিহত হয়েছেন বলে পরিবার জানিয়েছে।
নিহত মমিন উদ্দিন (৩২) জেলার শ্রীপুর উপজেলার নোয়াগাঁও এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে।
জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, মমিন জয়দেবপুরের হাজীপাড়া এলাকায় নিজস্ব ফ্লাটে থেকে ঢাকায় ‘দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং’ নামে একটি প্রতিষ্ঠানে প্রকৌশলীর দায়িত্ব পালন করতেন।
“মমিন বৃহস্পতিবার সকালে ঢাকা যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। পরে খবর পেয়ে লাশ দেখতে পাই।”
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া জানান, সকাল পৌনে ৭টার দিকে মমিন জংশনে রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকাগামী নীল সাগর ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশ নিয়ে গেছে।
