বাগেরহাটে মাদক ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি সাংসদের
বাগেরহাটে মাদক ব্যবসায়ীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।
বৃহস্পতিবার বাগেরহাট পৌরসভা অডিটোরিয়ামে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।
৩০ ডিসেম্বরের নির্বাচনে তরুণ সাংসদ শেখ সারহান নাসের তন্ময় বিপুল ভোটে বিজয়ী হন। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে নির্বাচনী এলাকায় ফিরে তিনি এই ঘোষণা দেন।
মাদক ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের হাতে দুই তিন দিনের মতো সময় হাতে আছে, “বাগেরহাটের কারা মাদক ব্যবসা করেন তারা কিন্তু চিহ্নিত, তাদের তালিকা আমার হাতে আছে। আমি কিন্তু ওই তালিকা কাউকে এখনও দেইনি বা এখনও কাউকে বাগেরহাট ছাড়তেও বলিনি।”
বাগেরহাটে মাদকের ভয়াবহতা এখন মারত্মক পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে তিনি বলেন, মাদক শহর থেকে গ্রামে গ্রামে পৌঁছে গেছে। প্রশাসনের বিশেষ বাহিনী তালিকা ধরে খুব শিগগির মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান শুরু করবে।
বাগেরহাটে মাদকের কোনো স্থান থাকতে দেওয়া হবে না। তাই দলের নেতাকর্মীদের এই কাজে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “নির্বাচনে অংশ নিয়ে আমি এলাকার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সুন্দর বাগেরহাট গড়ে তুলব। সম্ভবনাময় তরুণ প্রজন্মের সামনে এগোনোর বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মাদক।”
তরুণরা যদি মাদকাসক্ত হয়ে পড়ে তাহলে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে না। দেশে প্রায় সাড়ে চার কোটি তরুণ রয়েছেন বলে জানান তিনি।
তরুণদের মাদক থেকে দূরে রেখে আধুনিক বাগেরহাট শহর গড়ে তুলতে মাদক নির্মূল তার প্রথম ও প্রধান কাজ বলে মন্তব্য করেন তিনি।
বাগেরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুল আলম, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, তথ্য ও গবেষণা সম্পাদক আহাদ উদ্দীন হায়দার, জেলা আইনজীবী সমিতি সভাপতি এ কে আজাদ ফিরোজ টিপু, জেলা তাঁতী লীগ সভাপতি তালুকদার আব্দুল বাকি প্রমুখ।
