গাজীপুরে স্ত্রী হত্যার অভিযোগ
গাজীপুর শহরের ভাওরাইদ উত্তরপাড়ায় এক নারীকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সদর থানার এসআই মো. রিয়াজ জানান, শুক্রবার মধ্যরাতে ওই এলাকার মুকুলের বাড়িতে আফরোজা (২২) নামে এই নারীর মৃত্যু হয়।
আফরোজা গাইবান্ধা সদর উপজেলার জিকাবাড়ি এলাকার বিল্লাল হোসেনের মেয়ে। তার স্বামী শাহজাহান মিয়ার বাড়ি জামালপুরের সানন্দবাড়ির মণ্ডলপাড়া এলাকায়।
আফরোজা গাজীপুরের সালনা এলাকায় শ্যামলী পোশাক কারখানার শ্রমিক। আর শাহজাহান জোলারপাড় এলাকায় একটি স্টিল মিলে চাকরি করেন।
নিহত আফরোজার মামা একামত হোসেন বলেন, সাত-আট বছর আগে তাদের বিয়ে হয়। শুক্রবার রাত ৮টার দিকে আফরোজা কারখানা থেকে বাসায় ফেরেন।
“রাত সাড়ে ১২টার দিকে মুকুল মিয়ার ভাড়া বাড়ির পাশে রাস্তার ধারে সেপটিক ট্যাঙ্কির ঢাকনা খুলে লাশ ফেলেন শাহজাহান। আর মুকুল মিয়া ও তার শ্যালক দেখে ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর হোসেনকে জানান।”
ঘটনার সময় তাদের ছয় বছরের মেয়ে তার দাদির বাসায় ছিল বলে তিনি জানান।
এসআই রিয়াজ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে শনিবার ভোরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
“নিহতের গলায় শ্বাসরোধ করে হত্যার চিহ্ন রয়েছে। দাম্পত্য কলহের জেরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্বামী-স্ত্রীর মধ্যে কয়েক দিন আগেও ঝগড়া হয়।”
