কিশোরগঞ্জে বাস-বাইক সংঘর্ষে নিহত ৩
কিশোরগঞ্জের সদর উপজেলায় বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দীক জানান, রোববার বেলা ১টার দিকে উপজেলার রশিদাবাদ মধ্যপাড়া এলাকার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার প্যারাভাঙ্গা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সৈকত (১৩) ও পাঠানকান্দি গ্রামের আবুবাক্কার মিয়ার ছেলে মিলন (১৩) ও ঝাটাশিরা গ্রামের বাবুল মিয়ার ছেলে শুভ (২০)। তাদের মধ্যে সৈকত এসএসসি পরীক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি আবু বকর বলেন, মোটর সাইকেলে করে তারা তিনজন কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে যাচ্ছিলেন।
“পথে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সৈকত ও মিলন নিহত হয়।”
পরে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে শুভর মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
