২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মন্দিরে প্রতিমা ভাংচুর, গ্রেপ্তার ১

গাজীপুর সদরে একটি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুরের পর এক যুবককে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2018, 11:45 AM

Updated : 08 Apr 2022, 07:14 PM

উপজেলার বাড়ীয়া ইউনিয়নের বড় কয়ের এলাকার  শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী লক্ষ্মী মন্দিরে শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে বাড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই মহসিন কবির জানান।

গ্রেপ্তার একরামুল হক রনি (৩৭) ওই এলাকার মৃত রাজ্জাকের ছেলে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি শীতল চন্দ্র দাসের বরাতে এসআই মহসিন বলেন, মন্দিরে লক্ষ্মীপূজার শেষ দিনের পূজা চলছিল। এ উপলক্ষ্যে মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কেশব চন্দ্র দাসের এক আত্মীয় দম্পতি সেখানে যান।

“বিকালে তারা মন্দিরের পাশের জমির আইল ধরে হাঁটার সময় রনি তাদের পথরোধ করের এবং অশালীন ভাষায় কথা বলে। কেশব এ ঘটনার প্রতিবাদ করলে রনি মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুর করে।”

এ সময় কেশব বাঁধা দিতে গেলে রনি তাকেও মারধর করে। পরে এলাকাবাসী রনিকে আটক করে পিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান এসআই।

তিনি জানান, এ ঘটনায় কেশব বাদী হয়ে রাতেই রনিসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।