টেকনাফে মাদকবিরোধী অভিযানে নিহত ২
কক্সবাজারের টেকনাফে পুলিশের মাদকবিরোধী অভিযানের সময় কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে।
রোববার ভোর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়ার ঝাউবাগান এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশের ভাষ্য।
নিহতরা হলেন- টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার মোহাম্মদ হাসিমের ছেলে মোহাম্মদ হাসান আলী (৩৫) এবং টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার নুরুল আলমের ছেলে মোহাম্মদ হোসেন ওরফে কামাল (২৮)।
পুলিশ বলছে, নিহতরা থানার ‘তালিকাভুক্ত’ ইয়াবা চোরাকারবারি। তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক আইনের একাধিক মামলা রয়েছে।
ঘটনার বিবরণ দিতে গিয়ে ওসি প্রদীপ বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসার খবরে পুলিশের একটি দল কাটাবুনিয়ার ঝাউবাগান এলাকায় অভিযানে যায়।
“পুলিশ ঘটনাস্থলে পৌঁছানো মাত্র মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়তে শুরু করে। তখন আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।”
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দুইজনকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
তিনি বলেন, এ অভিযানে পাঁচ পুলিশ সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ছয়টি দেশে তৈরি অস্ত্র, ২৫ রাউন্ড গুলি ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
