২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণবিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলে ‘হামলার’ প্রতিবাদ

আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠান গণবিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে হামলার অভিযোগ তুলে প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2018, 07:16 PM

Updated : 11 Oct 2022, 12:43 PM

শনিবার গণবিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অনুষ্ঠিত এ মানববন্ধনে শত শত শিক্ষার্থীর সঙ্গে এর উপাচার্যসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা একাত্মতা ঘোষণা করেন।

শুক্রবার আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রে হামলা-ভাঙচুর চালিয়ে একটি ভবন ও কিছু জমি দখল করে নিয়েছে একদল লোক, যাদেরকে জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে করা তিন মামলার বাদীপক্ষের লোক বলছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শুক্রবার কটন ট্রেক্সটাইল ক্রাফটস লিমিটেডে কিছু সন্ত্রাসী গণস্বাস্থ্য কেন্দ্রের অভ্যন্তরে ঢুকে পিএইচএ ভবনে ভাংচুর ও লুটপাটের পর গণবিশ্ববিদ্যালয়ের তিনটি ছাত্রী হোস্টেলে হামলা করে। ভয়ভীতি দেখিয়ে ছাত্রীদের হোস্টেল থেকে বের করে দেয়।

এ সময় সন্ত্রাসীরা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে এবং ছাত্রীদের বইখাতা ও শিক্ষা উপকরণ নষ্ট করে দেয় বলেও শিক্ষার্থীরা অভিযোগ করেন।

তারা বলেন, এ কারণে কিছু ছাত্রী মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন এবং শনিবারের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নিতে পারেননি।

মানববন্ধনে গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কোষাধ্যক্ষ খাদিজা আক্তার সেতু ও ছাত্র সংসদের উপদেষ্টা মীর মুর্ত্তজা আলী বক্তব্য রাখেন।

বক্তারা ছাত্রীনিবাসে এ ধরনের হামলার নিন্দা ও হামলাকারীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের অভিযোগ, জাফরুল্লাহর বিরুদ্ধে মামলাকারী তিনটি পক্ষের লোকজন শুক্রবার বিভিন্ন সময়ে গণস্বাস্থ্য কেন্দ্রে ওই হামলা চালায়।

এর মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবন দখল করে কটন টেক্সটাইল ক্রাফটস লিমিটেডের ব্যানার ঝুলিয়ে দিয়েছে একটি পক্ষ। আরেকটি পক্ষ ওই ভবনের প্রবেশ পথের ১৩.২৫ শতাংশ জায়গার দখল নিয়েছে। আর তৃতীয় একটি পক্ষ পিএইচএ ভবনের অডিউটোরিয়ামে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বলে গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তাদের অভিযোগ।

শিক্ষার্থীদের দেখতে গণস্বাস্থ্যে কাদের সিদ্দিকী

হাসপাতালে চিকিৎসাধীন গণবিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দেখতে গণস্বাস্থ্য কেন্দ্রে এসেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী।

শনিবার দুপুরে তিনি গণস্বাস্থ্য হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র স্বাধীনতার পর থেকে বাংলাদেশে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। যে যাই বলুক রাজনৈতিক কারণে এই প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করা মোটেও উচিত নয়।

“গণস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করে আমি খুবই মর্মাহত হলাম। এখানে মেয়েদের আকুতি শুনলাম, স্বাধীন দেশে মেয়েরা এরকম অসহায় বোধ করবে এটা ভাবা যায় না।”

গণস্বাস্থ্যের বড় বড় গাছ কেটে জমি দখলে নেওয়ার বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, “গাছ বোনা যেমন সহজ, গাছ কাটা খুব কঠিন। আমার একটা সন্তানের গলা কেটে ফেললে যেমন মনে হতো, গাছগুলো কাটার পর আমার তেমনই মনে হচ্ছে। আর কিছু না হোক যারা এ গাছগুলো কেটেছে তাদের অন্তত ১২ বছর জেল হওয়া উচিত।”

এ সময় তার সঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাষ্ট্রি নাজিম উদ্দিন এবং গণবিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।