ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতার রগ কর্তন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক ছাত্রলীগ নেতার হাতের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে আরেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
বৃহস্পতিবার সিঙ্গারবিল বাজারে এই ঘটনা ঘটে।
আহত কামরুল ইসলাম (২২) উপজেলার ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক।
স্থানীয়রা জানায়, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন মান্নার সঙ্গে কামরুলের বিরোধ চলছিল। এর জেরে বুধবার কামরুলের সাথে মান্নার হাতাহাতি হয়।
তারা আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গারবিল বাজারে কামরুলকে একা পেয়ে মান্না ও তার অনুসারীরা ধারালো অস্ত্র দিয়ে কামরুলের বাম হাতের কব্জির রগ কেটে দেন। পিঠে দায়ের কোপে গুরুতর জখম করেন।
পরে এলাকাবাসী তাকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এরপর কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
জেলা সদর হাসপাতালের চিকিৎসক মাইনুল হক বলেন, ধারালো অস্ত্রের আঘাতে কামরুলের হাতের রগ কেটে গেছে। পিঠে দায়ের কোপও গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শোভন বলেন, “বিষয়টি আমরা জানতে পেরেছি। আসিফ মান্নার বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
বিজয়নগর থানার ওসি নবীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এ ব্যাপারে আসিফ মান্নার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
