শ্রীপুরে শ্রমিক লীগ নেতাকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা
গাজীপুরের শ্রীপুরে সরকার সমর্থক শ্রমিক লীগের এক নেতাকে অটোরিকশা থেকে নামিয়ে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত ওমর ফারুক (২৭) শ্রীপুরের কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের হাফিজুল ইসলামের ছেলে এবং শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসানের ভাতিজা। শ্রীপুর পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন ফারুক।
শ্রীপুর থানার এসআই আশরাফুল্লাহ জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পশ্চিম খণ্ড মসজিদ মোড় থেকে ফারুককে একটি গাড়িতে তুলে নিয়ে যায় একদল লোক। পরে দুই হাত বিচ্ছিন্ন অবস্থায় ক্ষতবিক্ষত ফারুককে ফেলে যাওয়া হয় কেওয়া পশ্চিম খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল-হেরা হাসপাতালে এবং সেখান থেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফারুকের বাবা হাফিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, তার ছেলে মাওনা চৌরাস্তা এলাকায় একটি তামাক কোম্পানির বিপণন শাখায় কাজ করতেন। প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালে সে অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাফিজুল বলেন, কেওয়া পশ্চিম খণ্ড মসজিদ মোড়ে একদল যুবক অটোরিকশা আটকে ফারুককে নামিয়ে মারধর শুরু করে। এরপর তাকে একটি গাড়িতে তুলে নেয়। পরে কেওয়া পশ্চিম খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়ে যায়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাসনিয়া আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালে আনার আগেই ফারুকের মৃত্যু হয়েছিল।
“তার দুই হাত ধারালো অস্ত্রের আঘাতে কব্জির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।”
ওই অটোরিকশায় ফারুকের সহযাত্রী হিসেবে থাকা শ্রীপুর মিজানুর রহমান মহিলা কলেজের শিক্ষক মাসউদ জানান, একদল যুবক গাড়ি আটকে ফারুককে নামিয়ে মারধর শুরু করলে তিনি বাধা দিতে গিয়েছিলেন। তখন তিনিও পিটুনির শিকার হন। পরে তিনি সেখান থেকে পালিয়ে গিয়ে ফারুকের স্বজনদের খবর দেন।
তবে কারা, কেন ফারককে হত্যা করে থাকতে পারে- সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি তার পরিবারের সদস্যরা। ঘটনার প্রত্যক্ষদর্শী মাসউদ বলেছেন, তিনি হামলাকারীদের কাউকে চিনতে পারেননি।
খবর পেয়ে গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতের স্বজনদের সান্ত্বনা দেন এবং খুনিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দেন।
শ্রীপুর থানার এসআই আশরাফুল্লাহ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।
এদিকে শ্রমিক লীগের নেতাকর্মীরা ফারুককে হত্যার প্রতিবাদে বেলা ১১টার দিকে শ্রীপুর পৌর শহরে প্রতিবাদ সভা করেছে।
