২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে হত্যার দায়ে ৯ জনের যাবজ্জীবন

নাটোরের সিংড়া উপজেলায় একজনকে হত্যার দায়ে নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজশাহীর একটি আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2018, 05:11 PM

Updated : 08 Apr 2022, 07:13 PM

রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার বুধবার চার বছর আগের এ মামলায় রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে ছিলেন।

এছাড়া প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানাও করেছে আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন আরিফুল ইসলাম আরিফ (২৪), রবিউল ইসলাম (২৭), সবুজ আহমেদ (২২), আহসান হাবিব (২৩), আলমাস খান (২৮), আইয়ুব আলী (৩২), মকবুল হোসেন (২৮), রুবেল হোসেন (২৬) ও মো. রাব্বানী (২৩)।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার আরও ১৭ আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু মামলার নথির বরাতে জানান, ২০১৪ সালের ২৯ মার্চ নাটোরের সিংড়া উপজেলার সোয়াইড় গ্রামে খাসপুকুর নিয়ে দ্বন্দ্বের জেরে শুকাই খানের ছেলে আবু খানকে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন তার ছোট ভাই ওসমান খান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক সেকেন্দার আলী ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন আদালতে। পরে মামলাটি নাটোরের আদালত থেকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

আইনজীবী এন্তাজুল বলেন, আদালত ১৮ জনের সাক্ষ্য নিয়ে এ রায় দিয়েছে।