২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে এক শ্রমিক আগুনে পুড়ে নিহত হয়েছেন; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2018, 05:45 PM

Updated : 19 Aug 2022, 02:42 PM

ফতুল্লা থানার ওসি মঞ্জুর কাদের জানান, শনিবার সকালে দক্ষিণ সেহাচর এলাকায় আল নাসির ওয়াশিং ডাইং কারখানায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

নিহত সেলিম  খান (২৫) মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান এলাকার বাবুল খানের ছেলে।

আহত শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে কারখানার টিনের চাল উড়ে গেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে আগুন ধরে গেলে কারখানার শ্রমিক সেলিম ও আব্দুল্লাহ (৩০) দগ্ধ হন।

ওসি মঞ্জুর বলেন, “দগ্ধ শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মারা যান।

“বিস্ফোরণের পর কারখানার মালিকপক্ষের লোকজন তালা ঝুলিয়ে দিয়ে আত্মগোপন করেছেন। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কারখানার জয় মিয়া নামে এক কর্মচারী জানান, কারখানায় বয়লার বিস্ফোরণের পর দগ্ধ সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।