নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসর্মপণ
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী থানায় আত্মসর্মপণ করেছেন বলে পুলিশ জানিয়েছে।
ফতুল্লা থানার ওসি মঞ্জুর কাদের বলেন, আত্মসর্পণ করা মেহেদী হাসান (৩০) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার কানিপুর গ্রামের নিজামউদ্দিনের ছেলে।
“মেহেদী তার স্ত্রী তাসমিন আক্তার রানীকে (২৬) শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন।”
রানী নাটোর জেলার বাগাতিপাড়া থানার সারদীয়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে।
ফুতুল্লার শাসনগাঁ চাদনী হাউজিং এলাকায় ভাড়া থাকত এই দম্পতি। মেহেদী একটি পোশাক কারখানায় কাজ করতেন।
ওসি মঞ্জুর বলেন, মেহেদী সকালে তাদের থানার সামনে এসে উভ্রান্তের মত ঘুরছিলেন।
“প্রায় দুই ঘণ্টা এভাবে ঘোরাফেরার পর মেহেদী নিজেই থানার কর্তব্যরত কর্মকর্তাকে জানান, স্ত্রী তাসমিনা আক্তার রানীকে খুন করেছেন তিনি। আমি তাকে আটকে রাখার নির্দেশ দেই। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে রানীর লাশ উদ্ধার করা হয়।”
মেহেদী ও রানী উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে ছিল জানিয়ে ওসি মঞ্জুর বলেন, তাদের তাওহিদ নামে ছয় মাস বয়সী একটি সন্তান রয়েছে।
“বিয়ে পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকছিল। বৃহস্পতিবার তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। এই ঝগড়ার জেরে তার গলায় গামছা পেঁচিয়ে মেহেদী তাকে হত্যা করেন বলে স্বীকার করেছেন।”
লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে বরে জানান ওসি মঞ্জুর কাদের।
