২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পিটুনিতে যুবক নিহত, আটক ৩

‘পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে’ গাজীপুর নগরীতে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2018, 07:27 PM

Updated : 08 Apr 2022, 06:59 PM

রোববার সিটি কর্পোরেশনের পুবাইল মাজুখান মধ্যপাড়ায় এই ঘটনায় জড়িত সন্দেহে নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত তারা মিয়া (৩২) টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার গফুর মিয়ার ছেলে।

জয়দেবপুর থানার পূবাইল ফাঁড়ির এসআই সফিকুল আলম এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, তারা মিয়া মাজুখান এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।

“এ সুবাদে ওই বাড়ির এক বিধবা নারীর (২৬) সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ কারণে ওই বাড়ির লোকজনের সঙ্গে তারা মিয়ার বিরোধ সৃষ্টি হয়।”

এসআই সফিকুল জানান, এরপর তারা মিয়া ওই বাড়ি বদলে অন্য বাসায় চলে গেলেও ওই নারীর সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেন।

“এরই জের ধরে সকাল সাড়ে ৬টার দিকে ওই বাড়ির লোকজন তারা মিয়াকে ডেকে নিয়ে পিটুনি দেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান সফিকুল।

এ ঘটনায় আটকরা হলেন মাজুখান মধ্যপাড়ার আকলিমা (২৬), তার মা মনোয়ারা বেগম (৬৫) ও ভাই মাজেদুল ইসলাম (৪০)।