২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে ইউপি সদস্যের বাড়িতে কষ্টিপাথরের মূর্তি, একজন গ্রেপ্তার

ঢাকার দোহার উপজেলায় এক ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি ওজনের একটি কষ্টি পাথরসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2018, 02:21 PM

Updated : 08 Apr 2022, 06:56 PM

র‌্যাব ১১-এর মুন্সিগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মো. মহিতুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ শিমুলিয়া এলাকায় নারিশা ইউনিয়ন পরিষদ সদস্য কামাল হোসেন ওরফে কালা মেম্বরের বাড়িতে এ অভিযান চালানো হয়।

“স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতে যথাযথ নিয়ম অনুযায়ী তল্লাশি চালিয়ে কষ্টিপাথরে তৈরি প্রায় ১৪ কেজি ওজনের একটি বাসুদেব মূর্তি উদ্ধার করেন র‌্যাব সদস্যরা। মূর্তিটির দৈর্ঘ্য ৩২ ইঞ্চি ও প্রস্থ ১৭ ইঞ্চি। এর আনুমানিক দাম ৫ কোটি ৬০ লাখ টাকা।”

এ সময় কষ্টিপাথর কেনাবেচার সঙ্গে জড়িত অভিযোগে বাবুল শেখ (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বাবুল উপজেলার চর লটাখোলা এলাকার জমির শেখের ছেলে। তবে বাড়ির মালিক কামাল হোসেনকে র‌্যাব ধরতে পারেনি।