২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে চোর সন্দেহে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চোর সন্দেহে স্থানীয়দের পিটুনিতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2018, 01:28 PM

Updated : 08 Apr 2022, 06:56 PM

উপজেলার ঘাগড়া উথুরী টাওয়ারের মোড় থেকে বৃহস্পতিবার সকালে ১৫ বছর বয়সী রিয়াদ মণ্ডলের লাশ উদ্ধার করা হয় বলে গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান জানান।

ওই এলাকার সৌদি প্রবাসী শাহিন মণ্ডলের ছেলে রিয়াদ স্থানীয় ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

রিয়াদের চাচা বাবুল মণ্ডল বলেন, “সকালে ঘুম থেকে উঠে রিয়াদ বাড়ির পাশে ঘাগড়া উথুরী টাওয়ারের মোড়ে যায়। এসময় স্থানীয় কয়েকজন দোকানদার রিয়াদের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে প্রায় দুই ঘণ্টা পেটায়। এতে ঘটনাস্থলেই রিয়াদের মৃত্যু হয়।” 

পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে তারা গিয়ে রিয়াদের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন বলে জানান বাবুল।

তিনি বলেন, “আমার ভাই সৌদি প্রবাসী; তাদের সংসারে কোনো আর্থিক অসচ্ছলতা নেই যে রিয়াদ অন্যের দোকানে চুরি করবে। আমার ভাতিজাকে হত্যা করা হয়েছে।”

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক যুবক বলেন, ঘাগড়া উথুরী টাওয়ার মোড় বাজারের তিন ব্যবসায়ী রিয়াদকে একটি খুঁটিতে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেলে রিয়াদের মৃত্যু হয়। এর পরপরই ওই তিনজন পালিয়ে যায়।

গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে রিয়াদের লাশ তারা উদ্ধার করেন।

“নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে।”

তিনি বলেন, রিয়াদকে মারধরে তিন ব্যবসায়ী জড়িত বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।