২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জমি দখলে বাধা দেওয়ায় নারীর উপর হামলা’

‘বাড়ির জায়গা দখলের’ প্রতিবাদ করায় নোয়াখালীতে এক নারীর উপর হামলার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2018, 10:27 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

মঙ্গলবার চাটখিল উপজেলার বৈকন্ঠপুর গ্রামে পুরাতন ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

ওই গ্রামের রাজিয়া সুলতানার অভিযোগ, বিকালে তাদের বাড়িতে কয়েকজন অতিথি এসছিলেন। ওই সময় তাদের ঘরের দেওয়ালের পাশে তাদের জায়গায় প্রতিবেশী মাহবুবুর রহমান জুয়েল বাইরে থেকে বেশকিছু লোক এনে টিন দিয়ে বেড়া দিচ্ছিলেন।

রাজিয়া বলেন, “ওই সময় বাধা দিলে জুয়েল আমার চুলের মুঠি ধরে থাপ্পড় মারতে মারতে মাটিতে ফেলে দেন। তখন আমি কোনো কথা না বলে ঘরে চলে আসি এবং দরজা বন্ধ করে দেই।”

তখন বাইরে থেকে জুয়েল তাকে গালাগাল করছিলেন এবং ধর্ষণের হুমকি দিচ্ছিলেন বলে রাজিয়ার অভিযোগ।

রাজিয়া বলেন, এরপর জুয়েল লোকজন নিয়ে রাজিয়াদের বাড়ির গাছ থেকে ডাব পাড়ান, গাছের মুন্ডি কেটে ফেলেন এবং অনেক ডাব নষ্ট করে পানিতে ফেলে দেন।

এ ঘটনায় রাজিয়ার ছেলে থানায় অভিযোগ দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

এ ব্যাপারে চাটখিল থানার ওসি ইমাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনাদের ল্যান্ডের বিষয়ে অনেকদিন ধরেই ঝামেলা চলছে। তুহিন আমাকে ফোনে জানিয়েছে আজকেও ঝামেলা হয়েছে।

“এ ঘটনায় রাজিয়ার ছেলে থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে মামলা নথিভুক্ত করার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

হামলার বিষয়ে জানতে চাইলে মাহবুবুর রহমান জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এগুলা মিথ্যা। উনার সাথে তো আমার দেখা হয় নাই আজকে।”

লোকজন দিয়ে কয়েকটি গাছ থেকে ডাব পাড়া এবং ডাব বিনষ্ট করার বিষয়টিও তিনি অস্বীকার করেন।