রংপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু
রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি নয়াপাড়ায় এ ঘটনা ঘটে বলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাকিব হাসান জানান।
মৃত প্রধান শিক্ষক তাজনুর রহমান ((৩৪) স্থানীয় কাঁচাবাড়ী ছহিরোনেরডাঙ্গা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একই এলাকার আমির উদ্দিন মাস্টারের ছেলে।
মৃতের পরিবারের বরাত দিয়ে বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, দুপুরে নিজ বাড়িতে বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত তাজনুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ইউপি চেয়ারম্যান ও পরিবারের অনুরোধে ময়নাতদন্ত না করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ওসি।
