রাতে শিমুলিয়ায় ফেরি বন্ধ
নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে রাতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, চ্যানেল মুখের ডুবোচরে প্রায়ই ফেরি আটকে যায়। তাই দুর্ঘটনা এড়াতে রোববার রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত সব ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
সপ্তাহ খানেক বন্ধ থাকার পর ড্রেজিং শেষে ঈদের দুই দিন আগে ফেরি চলাচল মোটামুটি স্বাভাবিক হয়েছিল। কিন্তু ঈদের একদিন পর আবার নাব্য সংকট দেখা দেয় এই নৌপথে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম খন্দকার শাহ খালেদ নেওয়াজ বলেন, “আট-দশটি যন্ত্র দিয়ে ড্রেজিং চলছে। কিন্তু চ্যানেলে পানি একেবারেই কমে যাওয়ায় সংকট মোকাবিলা কঠিন হয়ে পড়েছে।”
এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় কাঁঠালবাড়ি ঘাটে তিন শতাধিক গাড়ি পার অপেক্ষায় ছিল বলে তিনি জানিয়েছেন। সেসব গাড়ির সারা রাত ঘাটে অপেক্ষা অথবা ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
